আবনা ডেস্ক: আইএসআইএল বিরুদ্ধে লড়াই করার জন্য সেনা না পাঠালে দেশটি থেকে তেল কেনা বন্ধ করার কথা বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের এগিয়ে থাকা প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার নিজের এ মনোভাব প্রকাশ করেছেন তিনি। শনিবার সাক্ষাৎকারটি প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস।
এতে ট্রাম্পের বৈদেশিক নীতি নিয়ে বিস্তারিত কথাবার্তা তুলে ধরা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হলে, আইএসআইএলের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব স্থল সেনা না পাঠানোর কারণে দেশটি থেকে তেল কেনা বন্ধ করবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প ওই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, “উত্তর হচ্ছে, সম্ভবত হ্যাঁ।”
তিনি আরো বলেন, যে সব দেশকে যুক্তরাষ্ট্র রক্ষা করে তাদের উচিত যুক্তরাষ্ট্রের ব্যয় পরিশোধ করা, এদের মধ্যে বিশাল প্রাকৃতিক সম্পদের মালিক বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরবের নাম নেন তিনি।
“এবং এখনো পর্যন্ত, আমাদের ছাড়া সৌদি আরব বেশি দিন টিকতে পারবে না,” বলেন তিনি।
“অনেকগুলো দেশকে রক্ষা করে আমরা যে ব্যাপক সেবা দিচ্ছি তার জন্য আমাদের কিছু দেওয়া হচ্ছে না। এখন এদের মধ্যে সৌদি আরবও অন্যতম।”